চিনিকলের শ্রমিকদের জানুয়ারি থেকে মজুরি নেই

সরকারি চিনিকলের শ্রমিকেরা গত জানুয়ারি মাস থেকে মজুরি পাচ্ছেন না। চিনিকলগুলোতে আখ সরবরাহ করে চাষিরাও পাচ্ছেন না আখের দাম।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কারখানা ১৬টি। এর মধ্যে চিনিকল ১৫টি। এসব কলকারখানায় শ্রমিক-কর্মচারী প্রায় ১০ হাজার।
বিএসএফআইসির চেয়ারম্যান সনৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, কারখানাগুলোতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন বকেয়া। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান কার্যালয়ে এখনো মার্চের বেতন হয়নি। তিনি বলেন, বেতন-ভাতা দিতে ২১০ কোটি টাকা দরকার। আর আখচাষিদের পাওনাবাবদ বকেয়া ১৬১ কোটি টাকা। তিনি বলেন, 'শ্রমিক ও কৃষকেরা খুব কষ্টে রয়েছে। আমার নিজের মার্চের বেতনও হয়নি।'
চিনি শিল্প করপোরেশন বহু বছর ধরে লোকসানে জর্জরিত। লাভে আনতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। দুর্নীতির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে লোকসান বাড়ছেই।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চিনি শিল্প করপোরেশনের লোকসান ছিল ৫১৬ কোটি ৫২ লাখ টাকা। সেটা বাড়তে বাড়তে ২০১৮-১৯ অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত হিসাবে প্রায় ৯৮২ কোটি টাকায় উন্নীত হয়। ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফআইসির বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৫৩ কোটি টাকা।
দেশে বছরে প্রায় ১৮ থেকে ২০ লাখ টন চিনি আমদানি হলেও চিনি শিল্প করপোরেশন উৎপাদন করে মাত্র ৬০ হাজার টনের মতো। অনেকেই বিভিন্ন সময়ে এসব মিল বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রায়ই চিনিকলগুলো আখচাষিদের পাওনা ও শ্রমিকের মজুরি দিতে পারে না। তখন সরকারের কাছে হাত পাতে। এবারও সেটাই করছে।
বিএসএফআইসির চেয়ারম্যান সনৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, টাকা চেয়ে অর্থমন্ত্রণালয়কে পাঁচ থেকে সাতবার চিঠি লেখা হয়েছে। এর মধ্যে শিল্পমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি নীতিগতভাবে রাজি হয়েছেন। এখন অর্থমন্ত্রণালয়ের ওপর নির্ভর করে।
এদিকে শিল্প মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশ দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে বৈঠকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বিএসএফআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসসি) চেয়ারম্যান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিনিকলগুলোর কি এভাবেই চলা উচিত, জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, 'রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে একটা গভীর পর্যালোচনা দরকার। এরপর সিদ্ধান্ত নিতে হবে কোনটা বন্ধ, কোনটার কার্যক্রম সীমিত করে আনা ও কোনটা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায়। এ কথা আমরা অনেক বছর ধরে বলে আসছি।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ ছুটির মধ্যে বেতন দিতে পোশাক খাতকে ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল দিয়েছে সরকার। এ ছাড়া অন্যান্য খাতকেও স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। ওদিকে সরকারি কারখানায়ই শ্রমিকেরা বেতন পাচ্ছেন না।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এখন মানবিক বিবেচনায় যেভাবেই হোক আখচাষিদের পাওনা ও শ্রমিক-কর্মচারীদের মজুরি-বেতন দিতে হবে।